নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প‍্যারেড অনুষ্ঠিত

দূরে থাকলেন মেয়র-গভর্নর

নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প‍্যারেড অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

প্রবাসের মাটিতে দেশের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’। রোববার জ্যাকসন হাইটসের রাজপথে লাল-সবুজের পতাকা হাতে শামিল হন শত শত প্রবাসী বাঙালি। তাদের স্বতঃস্ফূর্ত আর উৎসবমুখর উপস্থিতিতে নিউ ইয়র্কের বুকেই যেন জেগে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। যদিও প্রবাসে বাংলাদেশের আমব্রেলা সংগঠন বলে পরিচিত বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ ডে প্যারেড থেকে দূরে ছিলো । বৃহত্তর সিলেটের অনেক সংগঠন এবারের ডে প‍্যারেডে অংশ নেয়নি । এছাড়া আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন না সিটি মেয়র জোহরান মামদানী এবং গভর্নর ক‍্যাথি হোকুল।

রোববার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত প্যারেডের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সুসজ্জিত ব্যান্ড দল এবং বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যদের সরব উপস্থিতি। কর্মব্যস্ততার মাঝেও এমন আয়োজনে শামিল হতে পারাকে দেশের প্রতি নাড়ির টান বলেই মনে করেন তারা । শুধু প্রবীণরাই নন, বর্ণিল পোশাকে আর হাতে লাল-সবুজের পতাকা নিয়ে নতুন প্রজন্মের কিশোর-তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বহুজাতি ও সংস্কৃতির কেন্দ্রস্থল নিউ ইয়র্কের বুকে এই আয়োজন বিশ্ব দরবারে বাংলাদেশের আত্মপরিচয়কে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ অংশগ্রহণকারীরা।

প্যারেডের আয়োজক কমিটির চেয়ারম্যান ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের একটি ইতিবাচক ও উজ্জ্বল ভাবমূর্তি ফুটিয়ে তোলাই এই প্যারেডের মূল লক্ষ্য । বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস আহমেদ এবং ফাহাদ সোলায়মানের উপস্থাপনায় প্যারেডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন মার্কিন কংগ্রেসমেম্বার টম সুওজি । এছাড়া কংগ্রেসওম্যান গ্রেস মেং, স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ, স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান প্রমুখ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী পর্বে প্যারেডে গ্র্যান্ড মার্শাল ও মার্শালসহ বিভিন্ন ক্যাটাগরিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করে আয়োজক কমিটি। তবে আমন্ত্রণ জানানো হলেও মেয়র জোহরান মামদানি কিংবা গভর্নর ক্যাথি হোকুল কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
নানা অসঙ্গতি আর সমন্বয়হীনতার অভিযোগ থাকলেও, আগামীতে প্রবাসী বাঙালিদের গর্বের এই বড় উৎসব হয়ে উঠবে আরও প্রাণবন্ত ও গৌরবময়, এমনটাই প্রত‍্যাশা করেন সবাই।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন