গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়েছেন
বিএনপি সরকার দায়িত্ব নেয়ার সময় হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না: বিএনপি সরকার দায়িত্ব নেয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়া এবং টিকার তীব্র ঘাটতি বর্তমান হামের প্রাদুর্ভাবের মূল কারণ বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ড্যাব (ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ) এ অনুষ্ঠানের আয়োজন করে। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরে সর্বশেষ হয়েছে, তারপরে ২৬ সাল পর্যন্ত আমরা শুরু করার আগপর্যন্ত মিজেলসের কোনো টিকা দেয়া হয় নাই।
এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। স্বাস্থ্যমন্ত্রী হামের প্রকোপ থেকে মুক্তি পেতে যথাযথ আইসোলেশন এবং পুষ্টি নিশ্চিতের ওপর জোর দেন। এ-সংক্রান্ত লিফলেট বিতরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে ড্যাবের (ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতি আহ্বান জানান। ইউনিসেফের সহযোগিতায় দেশের আক্রান্ত জেলা, উপজেলা এবং সিটি করপোরেশনগুলোয় ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি চালানোর পর হামের প্রকোপ কিছুটা কমেছে বলে জানান মন্ত্রী।
বলেন, বর্তমানে মাইকিং করে খুঁজে খুঁজে বাদ পড়া শিশুদের টিকা দেয়া হচ্ছে। চলতি মৌসুমে হামের প্রাদুর্ভাব অতিমাত্রায় বাড়ার কারণ হিসেবে মন্ত্রী মায়েদের পুষ্টিহীনতাকে দায়ী করেন। মন্ত্রী জানান, তিনি বেশ কিছু হাসপাতালে পরিদর্শন করে জেনেছেন, অনেক মা শিশুদের বুকের দুধ খাওয়ানোর পর্যায়ে নেই। তিনি মায়েদের পুষ্টি নিশ্চিতে জোর দেন। বর্তমান প্রেক্ষাপটে মায়েদের পুষ্টি ও সন্তানের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি করতে পারলে অনেক ব্যাধি থেকেই মুক্ত থাকা সম্ভব। সেমিনারে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের ডিন অধ্যাপক ডা. আতিয়ার রহমান, মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাকারিয়া আল আজিজ। হাম প্রতিরোধের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্টে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক।
তিনি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেয়া এবং আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখাসহ তাদের ব্যবহৃত জিনিসপত্র আলাদা করার পরামর্শ দেন। দীর্ঘ মেয়াদে হাম প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি মায়ের বুকের দুধ নিশ্চিত করা, পুষ্টিকর খাবার নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির কথা বলেন তিনি। ডেঙ্গু সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাবের গবেষণাবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সায়েম। তিনি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করা এবং মশার কামড় থেকে সুরক্ষায় সচেতনতার কথা বলেন। বিগত সময়ে রাজনৈতিক কারণে যেসব চিকিৎসকেরা নিগ্রহের শিকার ছিলেন, বঞ্চিত হয়েছিলেন, তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান ড্যাবের সাবেক মহাসচিব ও বিএনপি’র সংসদ সদস্য আবদুস সালাম।
এদিকে ড্যাবের মহাসচিব মো. জহিরুল ইসলাম বলেন, দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ রোধে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিশেষ চিকিৎসাসেবা চালু করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল ও বাংলাদেশ নবজাতক হাসপাতালে বিশেষায়িত ইউনিট ও পিআইসিইউ চালু করা হয়েছে। এ ছাড়া রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধার্থে ড্যাবের পক্ষ থেকে দ্রুত ‘ন্যাশনাল গাইডলাইন’ সরকারের কাছে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে বক্তারা তৃণমূলের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমলাতান্ত্রিক নির্ভরতা কমিয়ে রাজনৈতিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তারা স্বাস্থ্য খাতের যেকোনো ভালো কর্মসূচি সফল করতে এবং সম্ভাব্য ‘স্যাবোটাজ’ বা বিপর্যয় এড়াতে যোগ্য ও আদর্শিক চিকিৎসকদের নেতৃত্বের দায়িত্বে আনার ওপর জোর দেন। ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম আহমেদ।
হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ: সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতিমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে, সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ৫ই এপ্রিল শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেয়ার পর সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে নতুন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ৫ই এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল।
বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এ ছাড়া সারা দেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. চিরঞ্জিত দাস বলেন, ভ্যাকসিন কার্যকারিতা দেখাতে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। বিশ্লেষণে দেখা গেছে, হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় ৫ই এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম চালুর পর বর্তমানে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় নেই বললেই চলে। বিশেষ করে, ১৭ই এপ্রিলের পর থেকে ওইসব এলাকায় রোগীর সংখ্যা দৃশ্যমানভাবে কমতে শুরু করেছে। এই ফলাফল টিকাদানের কার্যকারিতার স্পষ্ট প্রমাণ। একই প্রবণতা ৫টি সিটি করপোরেশন এলাকায়ও দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশে বর্তমানে হামে শিশুমৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। কারণ, ভ্যাকসিন নেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় ক্যাম্পেইন চালানো হয়েছে, সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
