কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ‘জয় বাংলা’ লেখা ঘিরে কয়েকদিন ধরে চলা উত্তেজনা অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে গড়িয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনায় ছৈয়দা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছৈয়দা বেগম স্থানীয় ছাব্বির আহমদের স্ত্রী এবং রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শনিবার রাত ৮টার দিকে টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত একদল নেতাকর্মীর হামলায় প্রাণ হারিয়েছেন তিনি।
সূত্র মতে, প্রায় এক সপ্তাহ আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপি নেতারা থানায় এজাহার দিলেও মামলা হয়নি।
এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা ইউনুস ‘হা হা’ রিঅ্যাক্ট দিলে বিষয়টি কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনুসকে আটক করে মারধর শুরু করে। এসময় এনজিওকর্মী এসএম ইমরান তাকে রক্ষার চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করা হয়।
খবর পেয়ে ইমরানের মা ছৈয়দা বেগম ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের সন্তানরা অভিযোগ করেন, বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান ও এম্বুলেন্স চালক শামসুল আলমের নেতৃত্বে হামলা চালিয়ে ছৈয়দা বেগমকে হত্যা করা হয়েছে। এদিকে সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ছাত্রলীগ নেতা ইউনুসকে নিজেদের হেফাজতে নেয়। তবে অভিযুক্ত বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি বলেন, ওই নারী হাসপাতালে মারা গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
