প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি করবে মোহামেডান

প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি করবে মোহামেডান

ফন্ট সাইজ:

গতকাল প্রথমবারের মতো সভায় বসেছিলেন মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। প্রথম সভাতেই একটি মডেল ক্লাব হিসেবে মোহামেডানকে গড়ে তোলার ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বছর মোহামেডান পা রেখেছে ৯০ বছরে। ক্লাব কর্তারা জমকালো আয়োজনে ৯০ বছর পূর্তি উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছরই সম্পন্ন হবে এই আনন্দ আয়োজন, যেখানে প্রধান অতিথি হিসেবে তারা চাইছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আসতে। সভা শেষে সভাপতি বরকতউল্লাহ বুলু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন। তিনি জানান, ‘মোহামেডান ক্লাবের ৯০ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের সব পর্যায়ের সদস্য (স্থায়ী, আজীবন, সহযোগী), শুভানুধ্যায়ী এবং দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে একটি মিলনমেলার উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে এবং সেদিন ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাও দেশবাসীর সামনে তুলে ধরা হবে। সভায় ইউরোপীয় ক্লাবগুলোর আদলে ফ্যান ক্লাব তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সব জেলায় মোহামেডানের সমর্থক গোষ্ঠী কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে এবং যেখানে কমিটি নেই, সেখানে নতুন করে খেলাধুলা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি করা হবে বলে জানান বুলু। রাজধানীর সাভারে ২৫ একর জমিতে পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা মোহামেডানের বহুদিনের। বিশাল এই জমিতে কমপ্লেক্স নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান কর্তারা।

সভায় মোহামেডানে অবস্থিত ক্লাব টেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়। আগামী মৌসুমে একটি শক্তিশালী ফুটবল দল গঠনের লক্ষ্যে ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে ক্লাব পরিচালক ও দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা মোস্তফা কামালকে। তার নেতৃত্বে একটি শক্তিশালী ফুটবল দল গঠনের আশা ব্যক্ত করেন ক্লাব কর্তারা। ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে ক্লাবটি তাদের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামানের নাম কাউন্সিলর হিসেবে পাঠিয়েছে বলে জানান কর্তারা। ফুটবল-ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলায়ও সেরা দল গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ক্লাব সভাপতি। মোহামেডান এক সময়ে ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিসসহ বেশ কিছু ডিসিপ্লিনে অংশ নিতো। এখন ক্রিকেট, ফুটবলের পাশাপাশি হকিতে অংশ নেয় তারা।

গত মৌসুমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পেশাদার যুগের প্রথম লীগ শিরোপা ঘরে তোলে মোহামেডান। এবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে এই প্রতিযোগিতার আগের বারের চ্যাম্পিয়নরা। ক্রিকেটেও এবার শিরোপা জেতার মতো দল গড়েছে। তবে ফুটবলে শিরোপা ধরে রাখতে পারেনি সাদা-কালোরা। যা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। তবে আগামী মৌসুমে শক্ত দল গড়ার প্রতিশ্রুতি সমর্থকদের দিয়েছে নতুন কমিটি। এ ছাড়া, আগামী হকি লীগেও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে চায় মোহামেডান।

সব পরিচালককে বিভিন্ন দায়িত্ব দিয়ে ক্লাবটিকে গতিশীল করে তোলা হবে বলে জানান তিনি, ‘এখন আমরা সাতজন দায়িত্বে আছি এবং বাকি নয়জনকেও বিভিন্ন দায়িত্ব দেয়া হবে যেন ক্লাবটি সুন্দরভাবে আরও গতিশীল হয় এবং তারা কাজ করতে পারেন। তা ছাড়া, ক্লাবকে স্বাবলম্বী করতে আমরা কাজ করছি। নিজস্ব আয়ে আগামীতে ক্লাব পরিচালিত হবে। এ ব্যাপারে আমরা সব সময় সচেতন এবং আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন