কোলম্যানকে পাচ্ছে না বাফুফে!

ফন্ট সাইজ:

হামজা-জামালদের কোচ নিয়োগে বড় অন্তরায় অর্থ। ভালো মানের একজন কোচ নিয়োগে যে পরিমাণের অর্থের প্রয়োজন, তা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র পক্ষে জোগান দেয়া কষ্টসাধ্য। বাফুফের কষ্ট লাঘব করতেই কোচ নিয়োগে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। যুব ও ক্রীড়ামন্ত্রীর আশ্বাসের পরও হামজা-জামালদের কোচ নিয়োগের জটিলতা কাটছে না। জানা গেছে, এজেন্টের কারণেই শেষ মুহূর্তে ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে পাচ্ছে না বাফুফে! গতকাল জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন করতে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সেখানে ফুটবল কোচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা যাকে (কোলম্যান) নেয়ার জন্য মানসিকভাবে প্রস্ততি নিয়েছি, তার বিষয়ে সার্বিকভাবে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমি বাফুফে থেকে জানলাম তার যে এজেন্ট রয়েছে, তার সঙ্গে এখনো বোঝাপড়া হয়নি।’ ফুটবল বিশ্বে খেলোয়াড়-কোচ চুক্তিতে এজেন্ট বড় ভূমিকা রাখেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুই বছরের জন্য কোলম্যানকে কোচ নিয়োগ দিতে চায়। এজন্য কোলম্যানের এজেন্ট বড় অঙ্কের টাকা দাবি করেছে। কয়েক লাখ টাকার অঙ্ক এজেন্টকে দিতে হবে। যা ফেডারেশনের জন্য বড় কষ্টসাধ্য। এই জায়গায় বাফুফে-কোলম্যান চুক্তি আটকে আছে এবং না হওয়ার শঙ্কা দেখছেন খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এজেন্টের সঙ্গে বোঝাপড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আমরা শেষ পর্যন্ত কোলম্যানকে পাব কি না? ৫ই জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। সপ্তাহ তিনেকের মতো সময় বাকি। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুতই। বিষয়টি অনুধাবন করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখনো আমরা কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। এরপরও যদি কোনো কারণে কোলম্যান না হয়, তাহলে তালিকায় পরবর্তী যে আছে তাকে নিতে বলেছি।’ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গতকাল রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। গতকাল তিনি সাংবাদিকদের সঙ্গে কোচ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কোচের ইস্যু সুরাহা না হওয়ায় সেটা পিছিয়ে আজ নির্ধারণ করেছেন।

কোলম্যান ও অন্য সম্ভাব্য কোচও ইউরোপের। বাংলাদেশের চেয়ে সময়ে পিছিয়ে থাকায় বাফুফে সভাপতি অপেক্ষা করতে চান। এরপর আজ কোচ বিষয়ে একটি সামগ্রিক আপডেট জানানোর পরিকল্পনা রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন