বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম। সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার ও হাফিজ কয়েছ আহমদের যৌথ পরিচালনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য বিশিষ্ট কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।
বিশেষ অতিথি দৈনিক জালালাবাদের সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর জননেতা মাওলানা হাবিবুর রহমান, সংগঠনের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ব্যারিস্টার মাওলানা ছালেহ আহমদ হামিদী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ মিছবাহ, এলডিপি মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, নেজামে ইসলাম মহানগর সভাপতি মাওলানা মোজাম্মিল হক তালুকদার, জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সংগঠনের মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কমর উদ্দিন, ডা. মাওলানা মোস্তাফা আহমদ আজাদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেনÑ গত ১২ই ফেব্রুয়ারি দেশে একইদিনে গণভোট-২৬ ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণায় জনগণের আস্থা অর্জনের হীনউদ্দেশ্যে বিএনপি গণভোটে হ্যাঁ-এর পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে সুস্পষ্টভাবে সংবিধান সংস্কারের পক্ষে রায় প্রদান করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ক্ষমতায় এসে বিএনপি সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধানের কেবল সীমিত সংশোধনের পথেই অগ্রসর হচ্ছে। বিভিন্ন অজুহাত বের করে গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে।
