বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির কাছে অভিযানটা কঠিন হলেও, অসম্ভব নয়। সম্প্রতি কনমেবলকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বমঞ্চে লিওনেল মেসির খেলা নিয়েও মন্তব্য করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। আসন্ন বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ফুটবল ভক্তদের বিশ্বাস, আর্জেন্টাইন জাদুকর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মাঠ মাতাতে প্রস্তুত। গত মার্চেই স্কালোনি তার ৫৫ সদস্যের প্রাথমিক দলে মেসিকে অন্তর্ভুক্ত করেন। সে সময় এক সংবাদ সম্মেলনে আর্জন্টিনা বস বলেন, ‘আমি মনেপ্রাণে চাই ও দলে থাকুক।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ ওর নিজের।’ কনমেবলের সাক্ষাৎকারে এবার স্কালোনি বলেন, ‘তার খেলা দেখা এক পরম আনন্দ। তিনি কবে থামবেন আমি জানি না। তবে সময়ের আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবতে আমি পছন্দ করি না, বরং বর্তমান মুহূর্তটাকে খুব বেশি উপভোগ করতে চাই।
আমার বিশ্বাস, কেবল আর্জেন্টাইনরাই নন, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরাই লিওনেল মেসিকে মাঠে দেখতে উন্মুখ।’ কিংবদন্তি ম্যারাডোনার বিদায়ের পর আর্জেন্টিনার ফুটবলে যে শূন্যতা তৈরি হয়েছিল, মেসির বিদায় চিন্তাও তেমন এক বিষাদ জাগায় স্কালোনির মনে। তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে ও কী করবে আমি জানি না।
তবে আমি চাই ও আরও দীর্ঘ সময় খেলা চালিয়ে যাক। নইলে দিয়াগো ম্যারাডোনার অবসরের পর আমাদের যে গভীর বিষাদ গ্রাস করেছিল, এবারো তাই হবে। এরা ফুটবলের ইতিহাস গড়েছেন। তাই কোনো এক সময় তাদের থামতে হবে- এই চিন্তাটাই আমাদের অশান্ত করে তোলে। আর সে কারণেই আমি বর্তমানেই বাঁচতে ভালোবাসি।’
আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। কাতার বিশ্বকাপের সেই সোনালী ট্রফি ধরে রাখার গুরুদায়িত্ব এখন তাদের কাঁধে।
লড়াইয়ের আবহ স্পষ্ট করে স্ক্যালোনি বলেন, ‘স্বভাবতই আমরা আর্জেন্টিনার ইতিহাসে চতুর্থ বিশ্বকাপটি জয়ের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করবো। কারণ, আর্জেন্টিনা যখনই কোনো টুর্নামেন্টে অংশ নেয়, তাদের লক্ষ্য সবসময় শীর্ষস্থানই থাকে। সত্যি বলতে, কাজটা ভীষণ কঠিন হবে। তবে কোনোভাবেই অসম্ভব নয়।’
