যশোরের অভয়নগরে শত্রুতাবশত একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এক রাতেই ঘেরের বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২০ মন মাছ মরে ভেসে ওঠে বলে দাবি করেছেন ঘের মালিক। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক রফিকুল ইসলাম বলেন, তার এক একর ৩৫ শতক জমির মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা ছিল। শনিবার বিকেলে মাছের খাবার দিয়ে তিনি বাড়ি ফিরে যান। পরে রাত ১০টার দিকে ঘেরে এসে দেখেন মাছ মরে পানিতে ভেসে উঠছে। পূর্বপরিকল্পিতভাবে ও শত্রুতাবশত দুর্বৃত্তরা তার ঘেরে বিষ অথবা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে ঘেরের প্রায় ২০ মন মাছ মারা গেছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
