ট্র্যাকে গড়ালো জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। পল্টনস্থ জাতীয় স্টেডিয়ামে আজ ৪৯তম আসরের প্রথম দিনে দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।
পুরুষ ও নারী দুই বিভাগ মিলিয়ে এবার মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ৪৫টি সংস্থার ৪১০ জন অ্যাথলেট এতে অংশ নেবেন। যাদের মধ্যে ৩১২ জন পুরুষ ও ৯৮ জন নারী। জাতীয় স্টেডিয়ামে মাঠের সংস্কারকাজ চলছে। তাই থ্রো ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে। ম্যারাথন ইভেন্ট হবে পূর্বাচলের ৩০০ ফিটে।
জাতীয় অ্যাথলেটিকসের জন্য কোনো পৃষ্ঠপোষকের ব্যবস্থা করতে পারেনি ফেডারেশন। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর চারটি মিট আমাদের করতে হয়েছে স্পন্সর ছাড়াই। মূলত আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থেই করতে হচ্ছে।’
ফলে দেশের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের প্রাইজমানিও নামে মাত্র। ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি ইভেন্টে স্বর্ণ জয়ীদের ৫ হাজার টাকা, রৌপ্য জয়ীদের ৩ হাজার টাকা ও ব্রোঞ্জ জয়ীদের ২ হাজার টাকা দেওয়া হবে। কেউ নতুন জাতীয় রেকর্ড গড়লে পাবে ২০ হাজার টাকা।
ফেডারেশন জানিয়েছে, এবারের প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে প্রতিভাবান অ্যাথলেটদের বাছাই করা হবে। যাদের নিয়ে দ্রুতই সাফ গেমসের প্রস্তুতি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের।
