সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের জ্যোষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু মানবজমিনকে বলেন, ‘এফআইআর বা এজাহারে নাম না থাকা সত্ত্বেও খায়রুল হককে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তিনি বলেন, ‘আজ শুনানি শেষে কোর্ট আদেশ দিয়েছেন, অর্থাৎ বারবার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। এমনকী তাকে কেন রিলিজ দেয়া হবে না। সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে যেন শোন অ্যারেস্ট দেখানো না হয়।’
তিনি বলেন, ‘সাতটি মামলায় খায়রুল হককে অ্যারেস্ট করা হয়েছিল। মামলাগুলোতে তিনি জামিনে আছেন। বিশেষ করে ৫টি মামলা, অ্যাপিলেট ডিভিশান পর্যন্ত গেছে- সেগুলো ডিসমিস হয়েছে। বাকি দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর একটায় এএফআর নাম ছিল, আরেকটায় এএফআরআইয়ে নাম নেই। সেটা হলো যাত্রাবাড়ী থানার।’
তিনি বলেন, ‘সবচেয়ে হাস্যকার একটা জিনিস যেখানে আদাবর থানার একটি মামলায় ১৪৬ নম্বরে তার নামটা ছিল। সেখানে ১৪৯ থেকে ১৫৬ পর্যন্ত সংগঠন নামে আসামি করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ -এই সংগঠনের নামে আজ পর্যন্ত আমি কোনো মামলা দেখিনি পেশাগত জীবনে।’
