বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ এফ এম. সাইফুল করিমের বেঞ্চ আগামীকাল রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
জানা যায়, বিসিবির নির্বাচিত সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল এবং নির্বাচিত ১১ জন পরিচালকসহ মোট ১২ জন রিটকারী হিসেবে এই আবেদন করেছেন।
আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে এডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়ে। এছাড়া এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।
এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু, কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এর বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে তা ১১ মে খারিজ করে দেন বিচারপতি রাজিত আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।
