বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের নতুন পরিচালকের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

নানা অনিয়মের অভিযোগে সাবেক সহকারী পরিচালক হোসাইন আহমদ ছাদেককে অব্যাহতি দেয়ার পর বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের নতুন সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন মাওলানা ফরিদুল আলম। গত মঙ্গলবার বিকালে পৌর শহরের বনরূপা পাড়া এলাকার ইসলামী শিক্ষা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বান্দরবান ইসলাম শিক্ষা কেন্দ্রের দায়িত্বভার বুঝে নেন তিনি। এ সময় তিনি বলেন-বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। তিনি আরও জানান, খুব শিগগিরই প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মতামত নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করার কথা জানান তিনি। এদিকে প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং শিক্ষা কার্যক্রমে স্থবিরতার অভিযোগ ওঠে সাবেক সহকারী পরিচালক মাওলানা হাফেজ হোসাইন আহমদ ছাদেকের বিরুদ্ধে। বিষয়টি তদন্তের পর কর্তৃপক্ষ তাকে অব্যাহতি প্রদান করে। আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার অধীনে পরিচালিত বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা হাফেজ হোসাইন আহমদ ছাদেক। পরে চলতি বছরের ২৫শে জানুয়ারি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালকের দায়িত্বভার দেয়া হয় ফরিদুলকে। এদিকে অভিযুক্ত মাওলানা হোসাইন আহমদ জানান- আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসার সঙ্গে বান্দরবান ইসলামিক শিক্ষা কেন্দ্রটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি প্রশাসনের নিয়ম মেনে ইসলামী শিক্ষা কেন্দ্রটি সুনামের সঙ্গে শিক্ষা ও দিনের আলো ছড়িয়ে দিতে চায়। সংবাদ সম্মেলনে বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন