সিটির আরেকটি ট্রফি, গার্দিওলার ইতিহাস

সিটির আরেকটি ট্রফি, গার্দিওলার ইতিহাস

ফন্ট সাইজ:

দুই বছর পর এফএ কাপের শিরোপা পুনরুদ্ধার করলো ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে শনিবারের ফাইনালে চেলসির বিরুদ্ধে সিটিজেনদের জয় ১-০ গোলে। ফাইনালের বাঁশি বাজার সঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখান পেপ গার্দিওলা।

ইতিহাসের প্রথম কোচ হিসেবে তিনটি বা তার বেশি ইংলিশ প্রিমিয়ার লীগ, তিনটি বা তার বেশি ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লীগ, তিনটি বা তার বেশি ইংলিশ এফএ কাপ এবং তিনটি বা তার বেশি ইংলিশ লীগ কাপ শিরোপা জেতার কীর্তি গড়েন তিনি। অন্যদিকে, এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসায় চেলসি।
১৯৪৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে টানা চারবার এফএ কাপ ফাইনালে হারে লেস্টার সিটির। এরপর ইতিহাসের স্রেফ দ্বিতীয় দল হিসেবে নিজেদের খেলা টানা চারটি এফএ কাপ ফাইনাল ম্যাচের কোনোটিতেই জয়ের মুখ দেখলো না চেলসি। ওয়েম্বলিতে ম্যাচের প্রথমার্ধ ছিল ম্যাড়মেড়ে। পুরো ম্যাচেই শট নেয়া হয় কেবল ১৬টি (সিটি ৯, চেলসি ৭), যা ২০০৭-এ ওয়েম্বলি স্টেডিয়াম পুনরায় খোলার পর থেকে যেকোনো এফএ কাপ ফাইনালে সবচেয়ে কম শটের রেকর্ড।

তবে বিরতির পর সব হিসেব পাল্টে দেন সিটিজেনদের ঘানাইয়ান ফরোয়ার্ড। ৭২তম মিনিটে আর্লিং ব্রুট হালান্ডের পাস থেকে এক চোখধাঁধানো ফ্লিকে জাল খুঁজে নেন আন্তোয়ান সেমেনিও। ওই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সিটির। এর আগে বিরতির পরপর দারুণ এক সুযোগ হাতছাড়া করেন সেমেনিও। তারই প্রায়শ্চিত্তস্বরূপ জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। সমতা ফেরানোর ভালো সুযোগ পান চেলসির এঞ্জো ফার্নান্দেজ। তবে ডি-বক্সের ভেতর থেকে এই আর্জেন্টাইনের নেয়া ভলি ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। শেষ দিকে ব্লুদের গোলকিপার সানচেজের দক্ষতায় আর ব্যবধান বাড়েনি সিটির। তবে নিশ্চিত হয় সিটির অষ্টম এফএ কাপ শিরোপা।

ম্যান সিটির হয়ে নিজের ২০তম শিরোপা জিতে গার্দিওলা বলেন, ‘১০ বছরে পাঁচটি এফএ কাপ ফাইনাল। আমরা তিনটি জিতেছি, দুটিতে হেরেছি। আমি বলবো এটা বেশ ভালোই।’ শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার আগে স্রেফ দুই দিন সময় পায় সিটিজেনরা। এই সময়ের মধ্যে কোনো অনুশীলন না করে বিশ্রাম নিয়ে কাটায় তারা। শিরোপা নিশ্চিত করে সে বিষয়ে আরেকবার গার্দিওলা বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। চেলসি প্রস্তুতির জন্য সাত দিন সময় পেয়েছিল। গতকাল (শুক্রবার) আমাদের যাত্রাটা ছিল একদম জগাখিচুড়ি, পৌঁছাতে ছয় ঘণ্টা লেগেছে। আর ওরা (চেলসি) সত্যিই খুব ভালো দল।’

২০১৮-১৯ ও ২০২২-২৩ মৌসুমের পর আরেকবার এফএ কাপ ও লীগ কাপের ডাবল জিতলো সিটি। ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ক্লাবটি। তবে, প্রিমিয়ার লীগের শিরোপা ভাগ্যর এখন আর সিটির হাতে নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন