জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার বেলা ১২ টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন বেরোবির সাবেক এই ভিসিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা করার কথা রয়েছ। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন করবে প্রসিকিউশন।
এর আগে গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক পিছিয়ে ১৪ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
