ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুয়েলারি (স্বর্ণের) দোকানে ছুরি নিয়ে হামলার চেষ্টায় ফারজানা আক্তার রুপা (৩৬) নামে প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছুরি উদ্ধার করে। গ্রেপ্তার রুপা জেলার ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাদামিয়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী ও সে পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার বিকালে ফুলবাড়ীয়া বাজারের মরিচ মহল এলাকার রফিকুল জুয়েলার্স নামীয় জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। পাশেই স্থানীয় দোকানদার বলেন, এক নারী রফিকুল জুয়েলার্স দোকানে হাতে ছুরি নিয়ে ব্যবসায়ীর ওপর বারবার হামলার চেষ্টা করে। এ সময় ওই নারী ব্যবসায়ীকে জামায়াত বলে দেখে নেয়ার হুমকি দিয়ে গালাগালি করেন। ব্যবসায়ী রফিকুল বলেন, কিছুদিন আগে এই নারীসহ চোর চক্রের দল আমার দোকান থেকে অলঙ্কার চুরি করে নিয়ে যায়। একই কায়দায় আবারো চুরি করতে এলে ব্যবসায়ী তাকে শনাক্ত করে। পরে সেই দিনের ভিডিও ফুটেজ দেখে ওই নারী চুরির কথা স্বীকার করেন। এ সময় কৌশলে ওই নারী দোকান থেকে বেরিয়ে জামায়াত, জামায়াত বাক্য উচ্চারণ করে ছুরি নিয়ে আবারো দোকানে ঢুকে ব্যবসায়ীর ওপর হামলে পড়েন। এমতাবস্থায় পাশের ব্যবসায়ীরা বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানা আক্তার রুপাকে গ্রেপ্তার করে। ফুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ওই নারী পেশাদার প্রতারক চক্রের সদস্য। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
ময়মনসিংহে স্বর্ণের দোকানে নারীর হামলা
ময়মনসিংহ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
