আইপিএল ফাইনাল দেখতে যাচ্ছেন মহসিন নাকভি!

আইপিএল ফাইনাল দেখতে যাচ্ছেন মহসিন নাকভি!

ফন্ট সাইজ:

আহমেদাবাদে আইসিসি বোর্ড সভা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তবে রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতার কারণে তার ভারত সফর নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে সম্পূর্ণ বিপরীতমুখী ও দ্বিমুখী প্রতিবেদন প্রকাশ করেছে।
পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রের বরাতে জানা গেছে, আগামী ৩০ ও ৩১শে মে ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এখানেই ৩১শে মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমকালো আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, পিসিবি প্রধান নাকভিকে এই দু’টি মেগা ইভেন্টেই উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

দ্য ন্যাশনস জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নিকট পাঠানো হয়েছে। নাকভির ভারত সফরের বিষয়ে শেষ অনুমোদন দেবেন তিনিই। মূলত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ কাঠামো নিয়ে আলোচনার জন্য প্রথমে এই সভা কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়। তবে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সরিয়ে আহমেদাবাদে নিয়ে আসা হয়। ২১শে মে’র প্রধান নির্বাহী কমিটির (সিইসি) বৈঠকটি ভার্চুয়ালি হলেও, ৩০ ও ৩১শে মে’র মূল সভায় নাকভির সশরীরে উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা দেখছিল পাকিস্তানের সংবাদমাধ্যম।

বিপরীতে, ভারতীয় ক্রিকেট প্রশাসনের শীর্ষ কর্তাদের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো একদম ভিন্ন চিত্র তুলে ধরেছে। ভারতীয় সূত্রের দাবি, বর্তমান দ্বিপাক্ষিক ও কূটনৈতিক বৈরিতার মাঝে পিসিবি চেয়ারম্যানের সশরীরে আইপিএল ফাইনাল দেখার কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। আইসিসির নিয়ম অনুযায়ী, দূরবর্তী বা ভার্চুয়াল অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং মহসিন নাকভি পাকিস্তান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যোগ দেবেন।

আইসিসি বা পিসিবি—কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে নাকভির ভ্রমণসূচি নিশ্চিত করেনি। তবে নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে আহমেদাবাদের মাঠে সশরীরে উপস্থিত হওয়ার চেয়ে পিসিবি চেয়ারম্যানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন