ভারতে উত্তর প্রদেশের বেনিগঞ্জ কোতোয়ালি এলাকায় এক যুবতী অভিযোগ করেছেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
পুলিশের সার্কেল অফিসার অজিত চৌহান জানান, ঘটনাটি ঘটে ১১ই মে। ভুক্তভোগীর ভাইয়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই যুবতীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক মেডিকেল পরীক্ষায় উল্লেখ না থাকা আরও কিছু আঘাতের কথা পরে ভুক্তভোগী পুলিশকে জানান। এরপর বিষয়টি নিয়ে আরও তদন্ত শুরু করা হয়েছে।
অজিত চৌহান বলেন, আইনি প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি রাত প্রায় ১১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। তখন আতুল নামের এক ব্যক্তি তাকে আটকায়। তিনি বলেন, সে আমাকে অপহরণ করে। গাছে বেঁধে আমার ওপর নির্যাতন চালায়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
