দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, উদ্ধার ৬৮ যাত্রী

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, উদ্ধার ৬৮ যাত্রী

ফন্ট সাইজ:

রাজস্থানের কোটা জেলায় শনিবার সকালে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। তবে রেল কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় কোনো যাত্রী আহত হননি। ভোর ৫টা ১৫ মিনিটে কোটা জেলার বিক্রমগড় আলট রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে। ওই কোচে ৬৮ জন যাত্রী ছিলেন। তাদেরকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

রেলওয়ে সূত্র জানায়, দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত কোচটি ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করে দেয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন কোচ থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে। আগুন রেললাইনের পাশের কিছু গাছেও ছড়িয়ে পড়ে। সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামানো হয় এবং কোটা পর্যন্ত যাত্রা চালিয়ে যাওয়ার জন্য তাদের অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে বলে রেলওয়ে জানিয়েছে। কোটা স্টেশনে একটি অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটির পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা হবে। রেলওয়ে জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো তদন্তাধীন।

ট্রেনটি ১২৪৩১ রাজধানী এক্সপ্রেস কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে এবং শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির হযরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার সময় ট্রেনটি প্রায় ২,৬০০ কিলোমিটার অতিক্রম করে এবং রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল। এর আগে শুক্রবারই হায়দরাবাদ রেলস্টেশনে হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচে আগুন দেখা যায়। তখন সেটি প্ল্যাটফর্মে আনার প্রস্তুতি চলছিল। সে ঘটনায় কোনো যাত্রী ছিলেন না এবং কেউ আহত হননি। দক্ষিণ মধ্য রেলওয়ে জানায়, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচটি বিচ্ছিন্ন করা হয়।