মিনু মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত রাজশাহীবাসী

মিনু মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত রাজশাহীবাসী

ফন্ট সাইজ:

নবনির্বাচিত সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে শুরু করে সবখানেই মিনুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। দল মত নির্বিশেষে সবাই মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। গত মঙ্গলবার মন্ত্রিসভার শপথ গ্রহণের পর থেকেই রাজশাহীর রাজপথ ও অলিগলিতে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বিকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পু। রাজশাহী মহানগর বিএনপি’র নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রাজশাহীর সাধারণ মানুষের কাছে মিজানুর রহমান মিনু কেবল একজন রাজনীতিবিদ নন, বরং আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত। সাহেব বাজার এলাকার একজন প্রবীণ ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন পর রাজশাহী তার যোগ্য অভিভাবককে জাতীয় পর্যায়ে পেলো। মিনু ভাই মেয়র থাকাকালে রাজশাহী যেমন পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল, এখন ভূমিমন্ত্রী হিসেবে তিনি সারা দেশে ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আমাদের বিশ্বাস। খবর পাওয়ার পরপরই নগরীর বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মূল্যায়ন হয়েছে মিজানুর রহমান মিনুকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার মাধ্যমে। মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীর ঝুলে থাকা অনেক ভূমি সংক্রান্ত জটিলতা এবং চরাঞ্চলের ভূমি সমস্যার স্থায়ী সমাধান হবে বলে অনেকেই আশা প্রকাশ করেন। বিশেষ করে, পদ্মার পাড় ঘেরা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভূমি স্বত্ব সংক্রান্ত যে দাবি ছিল, তা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এমপি নির্বাচিত হওয়ার পর মিনু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছিলেন। রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, মিনু ভাই মন্ত্রী হওয়ায় আমরা খুব আনন্দিত। আশা করছি রাজশাহীসহ সারা দেশের মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি। এটা রাজশাহীর জন্যই সুখবর। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। রাজশাহী থেকে রাজশাহীর উন্নয়নের রুপকার, সাবেক সফল মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনুকে মন্ত্রিত্ব দেয়া হয়েছে। রাজশাহী মহানগর যুবদল ও রাজশাহীবাসীর পক্ষ থেকে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন