১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি'র ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন,
কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই এটি দেখার বিষয় না এবং কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সব অপরাধীকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। যেকোনো অপরাধীর অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই বিভিন্ন কার্যক্রম চলছে।
এর আগে ডিএমপি'র কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হতে পারে। তাই অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এরই অংশ হিসাবে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
