গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম

গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, জনগণের দেয়া গণরায় বাস্তবায়নে বিলম্ব, টালবাহানা কিংবা অস্বচ্ছতা নিয়ে দেশের বিভিন্ন মহলে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ। রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণের একাংশ মনে করছেন, জনগণের স্পষ্ট মতামত উপেক্ষা করা হলে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

শনিবার সকালে নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম মাসুম অভিযোগ করেন- জনগণ দীর্ঘদিনের সংকট, অনিয়ম, দুর্নীতি এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে রায় দিয়েছে, সেটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। কিন্তু এই প্রক্রিয়ায় যদি অযথা বিলম্ব করা হয় বা রাজনৈতিক কৌশলের আশ্রয় নেয়া হয়, তাহলে জনমনে ক্ষোভ আরও বাড়বে। এটিএম মাসুম বলেন, জনগণের প্রত্যাশা এখন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়; তারা বাস্তব পরিবর্তন দেখতে চায়। বিশেষ কর ভোটাধিকার, সুশাসন, আইনের শাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে জনগণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আর জনগণের রায়কে দুর্বল করার বা উপেক্ষা করার যেকোনো অপচেষ্টা জনগণ ভালোভাবে নেবে না। কারণ ইতিহাসে দেখা গেছে, যখন মানুষের গণতান্ত্রিক অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে, তখনই জনরোষ বিস্ফোরিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যে আন্দোলন শুরু করেছি, তা কোনো ব্যক্তি, দল বা ক্ষমতার স্বার্থে নয়; এটি মানুষের অধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা এবং সত্য প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো মানুষের মুক্তি, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং এমন একটি রাষ্ট্র ও সমাজ গঠন করা, যেখানে জুলুম, অবিচার, বৈষম্য ও দমন-পীড়নের কোনো স্থান থাকবে না। আমরা বিশ্বাস করি, পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর কাছেও একটি উত্তম আমল। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী এমপি।

এতে অন্যদের মধ্যে জামায়াতের ফেনী জেলা শাখার সাবেক আমীর ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, বায়তুল মাল সেক্রেটারি ড. আব্দুল হামিদ চৌধুরী, কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুচ্ছালাম, অধ্যক্ষ নুর নবী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, ইউসুফ বিন আবু বকর, মাওলানা জামাল হোসাইন বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন