ভারতে অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ব্যাংককে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল অনুশীলন শেষে দলের ড্রেসিং রুমে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তিনি আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে খেলোয়াড়দের শুভকামনা জানান এবং উৎসাহ দেন।
ব্যাংককে অবস্থানকালে সকালে অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প পরিদর্শন করেন বাফুফে সভাপতি। সেখানেই অনুশীলন করছে আফঈদা খন্দকাররা। এ সময় অ্যালপাইন স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদি সাক সুনতারোসের সঙ্গে বৈঠক করেন তাবিথ। নারী জাতীয় দলকে চমৎকার আতিথেয়তা ও সহযোগিতা দেয়ার জন্য অ্যালপাইন ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান তিনি।
আজ অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প মাঠে ব্যাংকক উইমেন্স লীগের টায়ার-১ দলের ব্যাংকক উইমেন্স এফসি’র বিপক্ষে আরও একটি ক্লোজড ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী ২১শে মে ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। সেখানে ২৫শে মে শুরু হবে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৮শে মে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৩১শে মে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। আগামী ৬ই জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। উল্লেখ্য, সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার তাদের সামনে রয়েছে টানা তৃতীয় বারের মতো শিরোপা জয়ের সুযোগ।
ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকে প্রস্তুতি ভালো হওয়ায় কোনো চাপ অনুভব করছেন না শিউলি আজিম। যদিও দু’টি সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ডিফেন্ডার মনে করেন, শিরোপা ধরে রাখা কঠিন হবে। ব্যাংককের গরম নিয়ে শিউলি বলেন, ‘সব মিলিয়ে ভালো ট্রেনিং হচ্ছে, আর এখানকার আবহাওয়া অনেক গরম, তাপমাত্রা বেশি। মেয়েরা চেষ্টা করছে মানিয়ে নিতে এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালোই যাচ্ছে।
আশা করি, আমাদের বাকি যে কয়টা দিন আছে, সেগুলো ভালোভাবে শেষ করতে পারবো।’ এরপরই ভারতের আবহাওয়া নিয়ে যোগ করে বলেন, ‘ভারতেও আমাদের অনেক গরমের মধ্যে খেলতে হবে। তো এখানে এসে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছি। এটা আমাদের ভারতের সাফে অনেক উপকারে আসবে। সবমিলিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। রিকভারিও হচ্ছে ঠিকমতো, খাওয়া-দাওয়া সবকিছুই ভালো যাচ্ছে।’
