ঢাকা প্রিমিয়ার লীগে টানা তৃতীয় জয় পেলো আবাহনী লিমিটেড। মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড নৈপুণ্যে গতকাল বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারায় আকাশী-হলুদরা। এদিন প্রাইম ব্যাংকের কাছে ৩ উইকেটে হারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মোহামেডান। আর গুলশান ক্লাবকে ২০৫ রানে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। জয়ের মুখ দেখেছে সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস ও অগ্রণী ব্যাংক। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। ২৭ রানে হারায় ৪ উইকেট।
এরপর আমিনুল ইসলাম বিপ্লবের ১১৭ বলে ৮৭ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২০৯ রান তুলে বসুন্ধরা। আবাহনীর রোহানউদ্দৌল্লা বর্শন ৯ ওভার বল করে ২টি মেডেনসহ ৩৪ রানে ৪ উইকেট নেন। খালেদ আহমেদ ও মোসাদ্দেক নেন ২টি করে উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর শুরুটাও ভালো হয়নি। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পঞ্চম উইকেটে জাকের আলী ও অধিনায়ক মোসাদ্দেকের জুটিতে ম্যাচে ফিরে আবাহনী। দুজনের জুটি থেকে আসে ৮৮ রান। জাকির ৪৩ করে সাজঘরে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক।
শহিদুলের বলে আউট হওয়ার আগে ৫৪ বলে করেন ৫৭ রান। এরপর সাব্বির রহমান ও মাহফুজুর ইসলাম রাব্বি মিলে আবাহনীকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডানের জয়রথ থামায় প্রাইম ব্যাংক। ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংকে দারুণ শুরু এনে দেন আজিজুল হক তামিম ও শাহদাত হোসেন দিপু। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে তোলেন ৫৩ রান।
ব্যক্তিগত ২০ রানে আজিজুলকে ফেরান নাঈম হাসান। ৩১ রান করা আরিফুলকে ফেরান সাইফউদ্দিন। একপ্রান্ত আগলে রেখে ৪৮ বলে হাফসেঞ্চুরি তুলে নেন দিপু। ৫১ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক আকবর আলী। ১২৩ বলে সেঞ্চুরি ১১৮ রানের ইনিংস খেলে জয়ের ভীত গড়ে দেন দিপু। শেষদিকে ২১ বলে ৩৭ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জয় এনে দেন শামিম হোসেন পাটওয়ারী।
