সিলেটে মজসিদের দান বাক্স থেকে টাকা চুরির একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গভীর রাতে প্রাইভেটকারের আসা চোরের ওই বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে যায়। শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে নগরের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা যায়- ভোররাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেটকার এসে মাদ্রাসার দান বাক্সের সামনে থামে।
এ সময় গাড়ি থেকে এক যুবক নামে। কিছুক্ষণ পর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দু’জন মিলে দান বাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খোলে। এ সময় তারা কিছু টাকা নিয়ে গাড়িতে ওঠে। তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দান বাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে উঠে দ্রুত চলে যায়। স্থানীয়রা জানায়, অভিনব পন্থায় এ চুরির ঘটনা ঘটেছে।
মসজিদের টাকা চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সিলেটের কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখার পর পুলিশ এ নিয়ে তদন্ত করছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি।
