আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আজ সোমবার সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৩ আসনে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নির্বাচন কমিশন কোন আইন বা বিধিবিধান অনুসরণ করেছে, তা তাদের জানা নেই। তিনি অভিযোগ করেন, কার পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, তা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে এই বিধিনিষেধ পরিবর্তন করতে হবে। অন্যথায় আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে
তিনি আরও বলেন, ‘এত দিন যা করেছেন, করেছেন। আমরা এত দিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া , মানুষের কণ্ঠস্বর, ও মানুষের তথ্য অধিকারকে হরণ করা হবে- এই ধরনের কোনো আইন মেনে নেওয়া হবে না।’
নির্বাচন কমিশনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও করুণ পরিণত হবে এই কমিশনের।’
এর আগে, গতকাল রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে যেতে পারবেন না ভোটাররা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না।’

ashraf chowdhury
৫ মাস আগেএ ধরনের আচরন করলে ভবিষ্যতে কেউ চিফ ইলেক্সান কমিশনারের দায়িত্ব নেবে না।