বরগুনার বেতাগীতে গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের সাবেক সদস্য মো. খলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতের গুলিতে তার ছেলে মো. রিফাত বিন রিমন (২৫) পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- মো. সৌরভ (২৫), মো. সাইফুল ইসলাম (২০) ও মো. ছগীর আলম (৪৫)। জানা যায়, গভীর রাতে প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল রিমনের ঘরে প্রবেশ করে। এ সময় ১০ জন ডাকাতের সঙ্গে রিমনের ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হন রিমন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল পাঠানো হয়েছে।
খবর পেয়ে বেতাগী থানার ওসি মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার তদন্ত এবং মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। গুলিবিদ্ধ রিমন বলেন, রাত দুইটার দিকে মা ঘরের ভেতরে চিৎকার করে।
পরে আমি গিয়ে ডাকাতদের ঘর থেকে বের করতে সক্ষম হই। তবে তারা ঘরের বাইর থেকে আমার পায়ে গুলি করে। বেতাগী থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় এক যুবককে ডাকাতরা গুলি করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।
