নীলফামারী সেয়দপুরে যৌতুকের বলি হলো এক গৃহবধূ। স্বামীর ছুড়ে দেয়া পেট্রোলের আগুনে ঝলসানো গৃহবধূ বীথি আক্তার (২৫) ঢাকায় ন্যাশনাল বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকালে মারা গেছেন। নিহত গৃহবধূ সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী বড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের মেয়ে। শনিবার বাবার বাড়িতে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত ৯ই মে রাত ৮টায়। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সাজু খান (৩৫) পলাতক রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ৫ বছর আগে বীথি আক্তারের বিয়ে হয় একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী জামবাড়ি গ্রামের নজরুল ইসলাম চেল্লুর ছেলে সাজু খানের সঙ্গে। তাদের আব্দুর রহমান নামের ৩ বছর বয়সী এক সন্তান রয়েছে। স্বামী সাজু পেশায় একজন মাহিন্দ্রা ট্রাক্টর মেকানিক।
স্ত্রী-সন্তানসহ সাজু নীলফামারীর গাছবাড়ি এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার রাতে ৮টার দিকে বীথিকে পেট্রোল দিয়ে শরীরে আগুন লাগিয়ে বাড়ির গেটে তালা দিয়ে ছেলেকে নিয়ে পালিয়ে যায় সাজু। পরে প্রতিবেশী নাজমিন বেগম আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে পরিস্থিতি খারাপ হওয়ায় ঢাকায় ন্যাশনাল বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসার পর মারা যায় বীথি। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা হয়েছে। এদিকে সাজু গোপনে তার ছেলেকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়।
