সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অনুদান

ফন্ট সাইজ:

সিলেটের তেলী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত নয় পরিবারের পাশে দাঁড়িয়েছে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)। ভোরে সড়কে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারগুলো যখন দিশাহারা তখন এই সংগঠনের সহযোগিতা তাদের মুখে ফুটিয়েছে একটুখানি আশার আলো। মানবিক এই উদ্যোগে ভরসা খুঁজে পেলো স্বজনরা। গত ৩রা মে আম্বরখানা থেকে লালাবাজারে কাজে যাওয়ার পথে নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নয়জন শ্রমিক প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন দুই নারী শ্রমিক এবং একই পরিবারের দুই ভাই।

জীবিকার একমাত্র ভরসা হারিয়ে অনেক পরিবার এখন অনিশ্চয়তার অন্ধকারে। শনিবার দুপুরে নগরীর জেল রোডে একটি রেস্তরাঁয় নিহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেয় এসনিক। সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার। সাংবাদিক তাইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ওমর মাহবুব। এ সময় স্বজন হারানো ৯ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।

তাদের কান্নায় অনুষ্ঠানে আগত অনেকেই চোখে জল ধরে রাখতে পারেননি। নিহত নার্গিসের ১২ বছরের মেয়ে মোহিনী কান্নায় ভেঙে পড়ে। সে তার মাকে ফেরত চায়। তার এই বক্তব্যে উপস্থিত সকলের মনে দাগ কাটে। বাবা-মাহীন নিহত মণি বেগমের তিন সন্তানকে নিয়ে এসেছিলেন বৃদ্ধা নানি। তিনি বললেন, যে যাওয়ার চলে গেছে- এখন যারা বেঁচে আছেন তাদের প্রতি সহানুভূতির আহ্বান জানান। একইভাবে সেদিন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা হাফিজা বেগম বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনায় তার স্বামী প্রাণ হারান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন