আবাহনীর টানা তিন, মোহামেডানকে হারিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক

আবাহনীর টানা তিন, মোহামেডানকে হারিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক

ফন্ট সাইজ:

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে (ডিপিএল) মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড নৈপুণ্যে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে আবাহনী লিমিটেড। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তারা ৪ উইকেটে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। অন্যদিকে, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে লীগের আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টানা ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে এখন প্রাইম ব্যাংক। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান।

মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। মাত্র ২৭ রানেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে আমিনুল ইসলাম বিপ্লবের ১১৭ বলে খেলা ৮৭ রানের লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২০৯ রান তোলে বসুন্ধরা। আবাহনীর পেসার রোহানউদ্দৌলা বর্ষণ ৯ ওভারে ২টি মেডেনসহ মাত্র ৩৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন নেন ২টি করে উইকেট। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর শুরুটাও ভালো ছিল না। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন জাকের আলী অনিক ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। পঞ্চম উইকেটে এই দুজন যোগ করেন মূল্যবান ৮৮ রান। জাকের ৪৩ রান করে বিদায় নিলেও মোসাদ্দেক তুলে নেন হাফসেঞ্চুরি। শহিদুলের বলে আউট হওয়ার আগে তিনি খেলেন ৫৪ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে সাব্বির রহমান ও মাহফুজুর রহমান রাব্বি বাকি কাজটুকু সেরে আবাহনীকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

লীগে মোহামেডানের টানা জয়ের রথ থামিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক। মোহামেডানের দেয়া ৩০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় প্রাইম ব্যাংক। উদ্বোধনী জুটিতে আজিজুল হক তামিম ও শাহাদাত হোসেন দিপু যোগ করেন ৫৩ রান। আজিজুলকে ২০ রানে নাঈম হাসান এবং আরিফুলকে ৩১ রানে সাইফউদ্দিন ফেরালেও এক প্রান্ত আগলে রাখেন দিপু। ৪৮ বলে হাফসেঞ্চুরি ছোঁয়ার পর তিনি তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১২৩ বলে ১১৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন দিপু। মাঝপথে মাহমুদউল্লাহ রিয়াদ ৫১ বলে ৩৬ এবং অধিনায়ক আকবর আলী ৩০ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে দিপুকে যোগ্য সঙ্গ দেন। শেষ দিকে শামিম হোসেন পাটোয়ারীর ২১ বলে ৩৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেট হাতে রেখেই বিশাল জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।

দিনের অন্য ম্যাচে গুলশান ক্লাবকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া জয়ের মুখ দেখেছে সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস ও অগ্রণী ব্যাংক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন