প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি দেশের জনগণকে যে কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য।’ কুমিল্লাকে বিভাগ করার দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে।’
একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে অল্প কিছুদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
শনিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বিএনপি’র পথসভায় এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেত। মামলা হতো। এসে ধরে নিয়ে যেত। যারা এসব করত ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আজ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। একই সময়ে স্বাধীন হওয়া এশিয়ার অন্যান্য দেশগুলো আজ আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। কারণ, আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিলাম। ১৯৭১ সালে যেভাবে হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল, ঠিক তেমনিভাবে দেশের মানুষ এবার স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে। তবে শুধু দেশ স্বাধীন করলেই হবে না, এখন প্রধান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।’
