পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিত রাখলেই চলবে ইরানের

ট্রাম্পের নতুন প্রস্তাব

পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিত রাখলেই চলবে ইরানের

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীন সফর শেষে নিজ দেশে ফেরার পথে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখলেও তিনি তা মেনে নিতে প্রস্তুত। এতে ধারণা করা হচ্ছে, ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধের আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে ওয়াশিংটন।

এর আগে ডনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। তবে এবার তিনি বলেন, এটা সত্যিকারের ২০ বছর হতে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে এবং হরমুজ প্রণালি আবারও খুলে দিতে হবে। বর্তমানে ওই প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

তবে ইরানের সঙ্গে আলোচনায় এখনো বড় ধরনের অগ্রগতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে তার ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক বিমান হামলা শুরু হয়। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আলোচনার সুযোগ তৈরি করলেও মাঝেমধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এদিকে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে যুদ্ধ বন্ধে উভয় পক্ষের সাম্প্রতিক প্রস্তাব একে অপরের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় সমাধানের পথ এখনো অনিশ্চিত। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। এতে লেবাননে ইরানের মিত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন