চট্টগ্রামের ফটিকছড়িতে এবার মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।
এরআগে, গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার আরেকটি টিলা থেকে অজ্ঞাতনামা এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। দু’টি স্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এক সপ্তাহের ব্যবধানে মাথাবিহীন মরদেহ ও মাথার খুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, উদ্ধার হওয়া খুলিটি আগের মরদেহের অংশ হতে পারে।
তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। ফটিকছড়ি থানা পুলিশ জানায়, ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার শুক্রবার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বুঝতে পারেন। পরে আতঙ্কিত হয়ে তিনি বাড়িতে ফিরে স্থানীয় দোকানদার আজমকে বিষয়টি জানান।
তিনি থানায় খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, দেহবিহীন একটি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক দিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।
