পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের মির্জাপুরের যুবক রাম প্রসাদ সরকার (৩৬) নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১২ই মে) দেশটির স্থানীয় সময় বিকালে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন। রাম প্রসাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. ময়নাল হক। নিহত রাম প্রসাদ উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নৃপেন্দ্র সরকারের ছেলে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ-কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। গত ৪ঠা মে তিনি পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন।
পর্তুগালের স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন বাংলাদেশি অভিবাসীকে নিয়ে ওই মাইক্রোবাসটি একটি রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি রেল সড়কের পাশেই ছিটকে পড়ে ও গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ। পরে জরুরি উদ্ধারকারী দল, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন ওই চারজনের মধ্যে দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে রাম প্রসাদের মৃত্যুর সংবাদে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উন্নত জীবনের আশায় দেশ পাড়ি দেয়া এই যুবকের এমন অকাল মৃত্যুতে সহকর্মী-বন্ধু ও আত্মীয়-স্বজনদের মাঝে বিরাজ করছে বিষণ্নতা। তার লাশ দেশে ফেরা নিয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে তার লাশটি ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
