জাতীয় দলের বড় পাইপলাইন হিসেবে বিবেচনা করা হয় হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে। এইচপি খেলোয়াড়দের বয়সের একটা সীমাবদ্ধতা ছিল এতদিন। সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নিয়েই গড়া হতো এইচপি দল।
এইচপির কার্যক্রম শুরু হয় ঘরোয়া মৌসুমের শেষ দিকে। চলে নতুন মৌসুম শুরুর আগপর্যন্ত (মে থেকে সেপ্টেম্বর)। এইচপির কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে এইচপিতে কোনো বয়সের সীমা থাকছে না। অনূর্ধ্ব-২৩ বয়সী ক্রিকেটাররা যেমন থাকবেন, জাতীয় দলের বাইরে চলে যাওয়া খেলোয়াড়েরাও থাকবেন। জাতীয় দলের বাইরে চলে যাওয়া, চোটে পড়ে পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকা, ছন্দ ফিরে পেয়েছেন কিন্তু জাতীয় দলে জায়গা পাচ্ছেন না-এ ধরনের ক্রিকেটারদের নিয়ে ২০২১ সালে বাংলাদেশ টাইগার্স নামে একটি আলাদা দল করেছিল বিসিবি। এখন থেকে এইচপি আর টাইগার্সের খেলোয়াড়েরা থাকবেন একই দলে। বছরজুড়েই এইচপির কার্যক্রম রাখবে বিসিবি। এইচপির প্রধান কোচ হিসেবে জুন থেকে কাজ শুরু করতে যাচ্ছেন বর্তমান জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন।
বর্তমান বাংলাদেশ দল চলছে তিন সংস্করণে তিন অধিনায়কের নেতৃত্বে। তিন অধিনায়কের ড্রেসিংরুমে খেলোয়াড়দের একবিন্দুতে মিলিয়ে রাখার কাজটা দারুণভাবে করে যাচ্ছিলেন সালাহউদ্দিন। যেহেতু জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই তাকে শৈশব থেকে ‘গুরু’ মানেন। বর্তমান বিসিবি প্রধান তামিম ইকবাল সালাহউদ্দিনকে এইচপি প্রধান করেছেন মূলত তার ‘এক্সিলেন্সি সেন্টার’ তৈরির লক্ষ্য পূরণে। এইচপিতে যুক্ত হতে যাচ্ছেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। থাকবেন সোহেল ইসলাম, রাজিন সালেহ, তালহা জুবায়েরের মতো স্থানীয় কোচরাও।
তবে এইচপির মতো ‘পাইপলাইনে’ বয়সের সীমা উঠিয়ে দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখানে তুলনামূলক অভিজ্ঞ ক্রিকেটারদের বেশি সুযোগ দেয়া হলে সেটি উঠতি ক্রিকেটারদের বিকাশে বাধা তৈরির আশঙ্কা থেকেই যায়। নতুন এই যাত্রায় শুরুতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে পাচ্ছে এইচপি ইউনিট। তিনটি ৫০ ওভার ও দুটি চার দিনের টেস্ট ম্যাচ খেলতে আগামী ৩রা জুন বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। ৮ ও ১০ই জুন প্রথম দুটি ওয়ানডে হবে বগুড়ায়।
১৩ই জুন শেষ ওয়ানডে হবে রাজশাহীতে। দুটি চার দিনের টেস্ট ম্যাচ হবে সিলেটে। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৭ই জুন। এদিকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ‘মেন্টর’ করার খবর ছড়ালেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।
