ব্যাডমিন্টন লীগ শুরু

ফন্ট সাইজ:

শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নষ্ট থাকায় গরমে অস্থির হয়ে পড়েন ক্রীড়াবিদরা। তাই এবার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মেরামত কিংবা নতুন কেনার ওপর জোর দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুধু তাই নয়, ব্যাডমিন্টনে দুই বছরের জন্য বিদেশি কোচও দেয়ার অঙ্গীকার করেন তিনি। গতকাল প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগের উদ্বোধন করতে এসে এমন আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়দুর রহমান রানা ও সহসভাপতি ইমরোজ আহমেদ এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্লাহ ডন ও সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন উপস্থিত ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির দিকে নিয়ে যেতে বড় কর্মপরিকল্পনা করছে বর্তমান সরকার। তাই এর বৃহৎ বাজেট নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের বাজেটটিকে নতুনভাবে ভাবতে হবে। সেই ভাবনার জায়গাটা ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এবং আমাদের স্পোর্টসের যারা রয়েছেন সবাই আমরা কাজ করছি। তো আশা করি যে আগামী যে অর্থবছর, সেই অর্থবছরে বাংলাদেশের নতুন এই ক্রীড়াঙ্গনের যে চিন্তাভাবনাকে বাস্তবায়নের জন্য আমাদের বাজেটের একটি বৃহৎ অংশ নতুনভাবে বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি।’ এবারের প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগে বিদেশি শাটলাররাও খেলার সুযোগ পাচ্ছেন।

ইতোমধ্যে অ্যালোরা শাটলার অ্যাকাডেমি রঘু নামে একজন ভারতীয় শাটলারকে এনেছে। তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ। অস্ট্রেলিয়া এবং দুবাইয়ে টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। মালয়েশিয়া থেকেও কয়েকজন শাটলার আসার কথা রয়েছে। খেলা হচ্ছে দল হিসেবে। প্রত্যেকটি দল পুরুষ ও মহিলা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে মোট পাঁচটি ইভেন্টে খেলছে। যে কোন তিন ইভেন্টে জিতলেই দল পূর্ণ পয়েন্ট পাচ্ছে। প্রতি ক্লাবের হয়ে দু্‌’জন (পুরুষ ও নারী) বিদেশি শাটলারকে অনুমতি দিয়েছে ফেডারেশন। তবে বিদেশি শাটলাররা প্রতি ম্যাচে দুটি ইভেন্টের বেশি খেলতে পারছেন না। লীগের চ্যাম্পিয়ন দল তিন লাখ ও রানার্সআপ দল দুই লাখ টাকা প্রাইজমানি পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন