অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি

অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি

ফন্ট সাইজ:

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রস্তাব বাতিল করায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ৩০ ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, গত বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ না করেই প্রস্তাবটি বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন তিনি স্বায়ত্তশাসনের প্রস্তাবের পক্ষে ছিলেন। কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গভর্নরকে পাঠানো এক চিঠিতে জানান যে এ ধরনের স্বায়ত্তশাসনের প্রয়োজন নেই। এ দ্বিমুখী অবস্থানের কারণেই তার পদত্যাগ দাবি করা হচ্ছে বলে জানান তিনি। এমনকি এক দিনের জন্য হলেও তার পদত্যাগ চান বলে উল্লেখ করেন।
এ কে এম মাসুম বিল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে এগিয়ে থাকা দুটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। যে দলই সরকার গঠন করুক না কেন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বাস্তবায়নের দাবি জানান তিনি। তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন