২০৩০ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলেত্তি

২০৩০ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলেত্তি

ফন্ট সাইজ:

ফুটবলের বৈশ্বিক আসর শুরু হতে একমাস সময়ও নেই। তার আগেই বড় এক সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৬ বছর বয়সী এই কোচ গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেয়া আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তার সঙ্গে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ পেলো। আগামী সোমবার বিশ্বকাপের জন্য ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণার আগেই এ ঘোষণা এলো। ভিডিও বার্তায় আনচেলত্তি বলেন, ‘এক বছর আগে আমি ব্রাজিলে এসেছিলাম। প্রথম মুহূর্ত থেকেই বুঝতে পেরেছি, এ দেশের মানুষের কাছে ফুটবল কতটা আবেগের।

গত এক বছর ধরে আমরা ব্রাজিলকে আবারও বিশ্বের সেরার আসনে ফেরাতে কাজ করছি। তবে সিবিএফ এবং আমি আরও বেশি কিছু চাই। আরও জয়, আরও সময় এবং আরও পরিশ্রম। তাই আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী চার বছর আমরা একসঙ্গেই থাকছি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আমরা একসঙ্গে পথ চলবো।’ এখন পর্যন্ত ব্রাজিল অধ্যায়টা খুব একটা মসৃণ হয়নি আনচেলত্তির জন্য। চোটে জর্জরিত দল, ছন্দহীন পারফরম্যান্স এবং উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নও উঠেছে। তার অধীনে ১০ ম্যাচে ব্রাজিল জিতেছে ৫টিতে, হেরেছে ৩টি এবং ড্র করেছে ২টি।

দুর্বল পারফরম্যান্সের কারণে বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রের জায়গায় দায়িত্ব নেন আনচেলত্তি। দায়িত্ব নেয়ার পর দ্রুতই তাকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব সামাল দিতে হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন