নিজের সরকারি চাকরির মেয়াদ সম্পূর্ণ করে অবসরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সরকারের পক্ষ থেকে নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নজরুল ইসলামই ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন । তবে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। বদলির অর্ডারের পরও এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ থাকার পরও গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার অবর্তমানে গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার। তখন পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে নতুন কমিশনারের যোগদানের আগেই অবসরে গেলেন এই পুলিশ কর্মকর্তা।
