চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের উদ্দেশে বেইজিং ত্যাগ করেন। বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে একাধিক বৈঠকে অংশ নেন তারা। শুক্রবার বিকেলে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ট্রাম্পকে বিদায় জানাতে উপস্থিত সকলে নীল পোশাক পরে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কি বললেন শি-ট্রাম্প: শি জিনপিং ও ডনাল্ড ট্রাম্প বেইজিং সফরকে ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সফল বলে উল্লেখ করেছেন। ঝংনানহাইয়ে শেষ বৈঠকে মিলিত হবার পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, শি জিনপিং এই সফরকে ঐতিহাসিক ও মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই নেতা মিলে দুই দেশের মধ্যে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের নতুন অবস্থান নির্ধারণ করেছেন। শি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করতে চান (মেক আমেরিকা গ্রেট এগেইন-মাগা), আর আমি চীনা জাতির পুনর্জাগরণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দুই দেশকে বৈঠকে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের আহ্বান জানান।
অন্যদিকে ট্রাম্প এই সফরকে অত্যন্ত সফল, বিশ্বজুড়ে আলোচিত এবং স্মরণীয় বলে মন্তব্য করেছেন বলে চীনা গনমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প তার মন্তব্যে শি জিনপিংকে ‘আমার পুরোনো বন্ধু বলে উল্লেখ করে বলেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি আরও বলেন, আমি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আন্তরিক ও গভীর যোগাযোগ বজায় রাখতে আগ্রহী এবং তাকে ওয়াশিংটনে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ট্রাম্পের তিন দিনের চীন সফরে রাষ্ট্রীয় ভোজসভা, ঐতিহাসিক স্থান পরিদর্শন, ব্যক্তিগত আলোচনা এবং যৌথ নৈশভোজ ও কর্মভোজ অন্তর্ভুক্ত ছিল।
বেইজিংয়ে শি-ট্রাম্পের বৈঠকে অংশ নেয়া কর্মকর্তাদের তালিকা প্রকাশ: চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শেষ দফার আলোচনার সময় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রীয়ার। চীনের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শিয়ে ফেং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পরিচালক কাই ছি, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পররাষ্ট্র উপমন্ত্রী মা ঝাওশু এবং স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার হে লিফেং। বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্য এবং নিরাপত্তা ইস্যুতে উচ্চপর্যায়ের সমন্বয় ও আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ বৈঠকে শুধু উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
