প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচি উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন জুবাইদা রহমান। গতকাল দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। তিনি বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় প্রয়োজন সঠিক ও সময়োপযোগী সহযোগিতা। নির্দিষ্ট সময়ে চিকিৎসাসেবা দিয়ে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। শিশু স্বর্গ প্রকল্প শিশু-কিশোর ও মায়েদের জন্য সহযোগিতা সৃষ্টি করবে। আত্মবিশ্বাসই পারবে বিষণ্নতার অন্ধকার থেকে মা ও শিশুকে উজ্জ্বল স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী বলেন, ট্রেনে-লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাতায়াতের বিধান করা হচ্ছে। সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমরা আশা করবো, প্রতিটি শিশু সে বিশেষভাবে সক্ষম হলেও সে হবে তার পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন শুধু চিকিৎসা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। দেশে প্রায় ৩৫ লাখ গুরুতর প্রতিবন্ধী শিশু রয়েছে। এসব শিশুর অধিকাংশই গ্রাম ও দরিদ্র এলাকায় বসবাস করে, তারা প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত। দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তাদের মূলধারায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন), প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) প্রমুখ।
