আইসিসি’র মাস সেরা  নাহিদ রানা

আইসিসি’র মাস সেরা নাহিদ রানা

ফন্ট সাইজ:

দারুণ সময় কাটছে টাইগার পেসার নাহিদ রানার। এপ্রিল মাসের জন্য আইসিসি’র মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদ রানাকে এপ্রিলের মাস সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে খেলে ৮ উইকেট নেন নাহিদ। ওই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ মাসসেরা হলেন চাপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এ ডানহাতি এক্সপ্রেস পেসার। ওমানের জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে প্রথমবার মাসসেরা ক্রিকেটারের খেতাব কুড়ালেন নাহিদ। মেয়েদের মাসসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।

গত বছরের

এপ্রিলে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন নাহিদ। এর আগে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এই স্বীকৃতি পেয়েছেন মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (২ বার) ও মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ও পরে নাহিদ রানা পারফর্ম করেছেন। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৮ উইকেট নেন নাহিদ। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। ৪০ রানে ৫ উইকেট নেন ডানহাতি ফাস্ট বোলার। মাসসেরা নাহিদ রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারাটা দারুণ এক অনুভূতি।

দেশের মাটিতে পারফর্ম করতে পারা সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে এবং এই সিরিজটি আমি সব সময় মনে রাখবো।’ নাহিদ বলেন, ‘পুরো সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই।’ নিউজিল্যান্ড সিরিজে নাহিদ রানার শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ৬৫ রান খরচায় নেন ১ উইকেট।

তবে দ্বিতীয় ওয়ানডেতেই তিনি ঘুরে দাঁড়ান এবং ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ফাইফার পান। এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে তিনি প্রথমবার ৫ উইকেট পেয়েছিলেন। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে নাহিদ রানা নেন ২ উইকেট। সিরিজসেরা খেলোয়াড়ও হন এই ফাস্ট বোলার। আন্তর্জাতিক ওয়ানডেতে লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন নাহিদ। ৪.৯৯ ইকোনোমিতে নিয়েছেন ২১ উইকেট। ক্যারিয়ারসেরা ২৪ রানে ৫ উইকেট।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন