বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) শিরোপা নির্ধারিত হয়ে যেতে পারে আজই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল পৌনে চারটায় মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। এই লড়াইয়ে কিংস জিতলে এক ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসব করবে দলটি। আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে যাবে। শেষ ম্যাচে আরামবাগকে হারালে শিরোপা পুনরুদ্ধার হবে মারফুল হকের দলের। আজ মাঠে গড়াচ্ছে ১৭তম রাউন্ডের পাঁচ ম্যাচ। এবারের লীগ শিরোপার দৌড় থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান আগেভাগেই ছিটকে গেছে।
কিংসের সঙ্গে একসময় শিরোপার দৌড়ে থাকা ফর্টিস এফসির শিরোপা জয়ের সম্ভাবণা নেই। শিরোপার দৌড়ে কিংসের বাধা হিসেবে কেবল আবাহনীই টিকে রয়েছে। যারা বিএফএলে সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন। দুই ম্যাচ বাকি থাকতে কিংস ও আবাহনীর পয়েন্টের পার্থক্য মাত্র ১। ১৬ ম্যাচে কিংসের সংগ্রহ ৩৫, আবাহনীর ৩৪। ২০১৮ সালে কিংস শীর্ষ লীগে ওঠার পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। গত ৬ আসরে কিংস ৫ বার ও মোহামেডান ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। দীর্ঘ সময় পর আবাহনীর সামনে এবার দারুণ সুযোগ। আজ আকাশি-নীলরা জিতলে শিরোপা তাদের হাতের নাগালে চলে আসবে। আর কিংস জিতে গেলে আবাহনীর সমান ছয়বার লীগ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করবে। তখন ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ম্যাচের ফল কোনো প্রভাব ফেলবে না।
যদি ম্যাচটি ড্র হয় তাহলে দুই দলের পয়েন্টের পার্থক্য ১ থেকে যাবে। তখন শেষ রাউন্ডে কিংস না হারলে আবাহনী জিতলেও কোনো লাভ হবে না। শক্তিতে দুই দলের অবস্থান কাছাকাছি। দুই দলের প্রথম পর্বের ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তীব্র উত্তেজনাকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। শেষ পাঁচ ম্যাচে সমান দুই জয় কিংস ও আবাহনীর, একটি ম্যাচ ড্র হয়। কুমিল্লায় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন কিংসের ডোরিয়েল্টন গোমেজ। ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার এবারের লীগে সর্বোচ্চ ১৬ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। আবাহনীর তুরুপের তাস হতে পারেন সুলেমান দিয়াবাতে। এবারের মৌসুমে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচ গোল করেছেন এ স্ট্রাইকার। দেশীয় তারকাদের মধ্যে কিংসের মোহাম্মদ ফয়সাল হোসেন ফাহিম ও আবাহনীর শেখ মোরসালিনের দিকে নজর থাকবে। মুন্সীগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে খেলতে নামবে জয়ের ধারায় ফেরা মোহামেডান। লীগের প্রথম দেখায় দুইদলের কেউই জেতেনি, ১-১ গোলে ড্র হয়।
১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান। ১ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে রহমতগঞ্জ। রেলিগেশনের শঙ্কা থেকে দূরে থাকার চ্যালেঞ্জ নিয়ে গাজীপুরে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হচ্ছে আরামবাগ ক্রীড়া চক্র। প্রথম দেখায় তাদের ৩-০ গোলে হারায় পুলিশ। কিংস অ্যারেনায় ফর্টিস খেলবে ব্রাদার্সের বিপক্ষে। আর মানিকগঞ্জে মুখোমুখি হবে দুই তলানির দল পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও ফকিরেরপুল ইয়্যাংমেন্স।
