ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচের দিকে তাকিয়ে ছিল আর্সেনাল। বুধবার রাতে সেই ম্যাচে চাপ ছাড়াই ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা। এই জয়ে প্রিমিয়ার লীগের শিরোপার দৌড় লড়াই তুলেছে পেপ গার্দিওলার দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান নেমে এসেছে দুই পয়েন্টে। ফলে ২২ বছর পর গার্নারদের শিরোপা জয়ের স্বপ্ন কঠিন হয়ে গেল। আর্সেনাল-সিটি দুই দলই সমান ৩৬টি করে ম্যাচ খেলেছে। হাতে বাকি দুটি করে ম্যাচ। বর্তমানে আর্সেনাল ও সিটির গোলব্যবধান +৪২ ও +৪৩।
যদি ৩৮ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান হয়, তখন হিসাব হবে গোল ব্যবধানের। দুই দলের হিসেব রাখতে হচ্ছে গোলের দিকেও। সিটিজেনরা যদি প্যালেসের কাছে পয়েন্ট হারাতো তবে আর্সেনাল সহজ সমীকরণ পেতো।সোমবার বার্নলিকে হারালেই শিরোপা নিশ্চিত হতো আর্সেনালের। কিন্তু সিটি ৩-০ গোলে জিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দিয়েছে। তবে আর্সেনাল যদি নিজেদের হাতে থাকা শেষ দুই ম্যাচ জেতে, তাহলে লম্বা সময় পর প্রিমিয়ার লীগের শিরোপা জিতবে তারা। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে ইপিএলে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। ম্যাচের আগে সিটির জন্য সমীকরণ ছিল কঠিন। হেরে গেলে শিরোপা আশা প্রায় শেষ হয়ে যেতে পারতো। কারণ আগামী সোমবার বার্নলির বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। তবে এই ম্যাচে জয় তুলে নিয়ে লড়াই জিইয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবারের এফএ কাপ ফাইনালের কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন এনে দল সাজান গার্দিওলা। বিশ্রামে রাখা হয় আর্লিং হালান্দ, রায়ান চেরকি ও জেরেমি ডোকুর মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের। শুরুর দিকে কিছুটা ধীরগতিতে খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। আক্রমণে প্রাণ ফেরান ফিল ফোডেন। তার দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে গোলের সুযোগ পান অ্যান্তেনিও সেমেনো, আর সহজেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
কিছুক্ষণ পর আবারো ফোডেনের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ওমর মারমুশ। ঘুরে দাঁড়িয়ে নেওয়া শটে গোল করে সিটির আধিপত্য আরও স্পষ্ট করেন এই ফরোয়ার্ড। ক্রিস্টাল প্যালেসও কিছু সুযোগ তৈরি করেছিল। তাদের সেরা সুযোগটি আসে টাইরিক মিচেলের জোরালো শট থেকে। তবে দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। ম্যাচের শেষ দিকে সাভিনহোর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে চাপটা এখন আর্সেনালের কাঁধেই।
