সাফের আগে আত্মবিশ্বাসী আনিকা

সাফের আগে আত্মবিশ্বাসী আনিকা

ফন্ট সাইজ:

নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এরই মধ্যে থাইল্যান্ডের নারী ফুটবল লীগের একটি দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে পিটার বাটলারের শিষ্যরা। প্রস্তুতিমূলক ম্যাচে জয় পায় লাল-সবুজ মেয়েরা। সেই ম্যাচে গোল করে জয়ে অবদান রাখেন ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। গোলের পর নিজের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়েছে বলে জানিয়েছেন সুইডেনে বসবাস করা এই নারী ফুটবলার।

সর্বশেষ নারী এশিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে আনিকার অভিষেক হয়। সেই মঞ্চে বাংলাদেশ তিন ম্যাচ খেলে তিনটিতেই হারে। দলের কোনো ফুটবলাই সেভাবে ভালো খেলতে পারেনি। সেই দুঃখ ভুলে এবার সাফ মিশন নিয়ে ভাবছে বাংলাদেশ দল। প্রস্তুতি গোল পাওয়া আনিকা বাফুফে প্রকাশিত ভিডিও বার্তায় উচচ্ছসিত প্রকাশ করেন। তিনি বলেন, ‘শুরুটা দারুণ হয়েছে। গোল করতে পেরে আমি আনন্দিত। সামনে এখনো অনেকটা পথ বাকি। তবে আমি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি। আশা করছি ভবিষ্যতে আরও গোল পাব এবং দলের ফলাফল আরও ভালো হবে।’ থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পের আগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডেও থেকেছে বাংলাদেশ। কোচ বাটলারের অধীনে সেখানে হয়েছে নিবিড় অনুশীলন। সেটিও আনিকার উন্নতিতে কাজে দিয়েছে বলে জানান। তিনি বলেন, ‘সফরটি বেশ ভালো ছিল। আমরা চট্টগ্রামে এক সপ্তাহের ক্যাম্প দিয়ে শুরু করেছিলাম। সেটি একটি ভালো শুরু ছিল এবং এখন আমরা থাইল্যান্ডে আছি। এখানে বেশ গরম, তবে আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছি এবং প্রতিটি দিন ধরে ধরে সামনে এগোচ্ছি।’

আনিকার মতো বাংলাদেশ দলও চায় সামনে এগিয়ে যেতে। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমনকি ২০২২ এবং ২০২৪ সালে শিরোপা জেতা লাল সবুজের জার্সিধারীরা অপেক্ষায় হ্যাটট্রিক শিরোপা জেতার। ভারতের গোয়ায় আগামী ২৫শে মে শুরু হবে প্রতিযোগিতা।

বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য ২৮শে মে মালদ্বীপের বিপক্ষে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াই মেয়েদের লক্ষ্য বলে জানান আনিকা। তিনি বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি। আমরা জিততে চাই এবং বাংলাদেশের জন্য ট্রফি নিয়ে যেতে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেবো।’ ছয় দলের সাফ হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশের গ্রুপে মালদ্বীপ ছাড়াও আছে স্বাগতিক ভারত। গ্রুপের শীর্ষে থাকা দুই দল যাবে শেষ চারে। ৬ই জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে সাফের।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন