লীগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) দাপট চলছেই। টানা পঞ্চমবার তারা লীগ শিরোপা নিশ্চিত করে। বুধবার রাতে লঁসকে ২-০ গোলে এ কৃতিত্ব অর্জন করে পিএসজি। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লুইস এনরিকের দল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। দুই দলই আর একটি করে ম্যাচ খেলবে। লঁস তাদের শেষ ম্যাচে জিতলেও ৯ পয়েন্টের ব্যবধান ঘোচানো সম্ভব নয়। লীগ ওয়ানের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি পিএসজির। এবারের মৌসুমে শিরোপা জিতে সেই রেকর্ড আরো উঁচুতে নিয়ে গেল লুইস এনরিকের দল। এটি পিএসজির ১৪তম লীগ শিরোপা। কোচ হিসেবেও নতুন কীর্তি গড়েছেন এনরিক। ২০২৩ সালে পিএসজির কোচের দায়িত্ব নেয়ার পর এটি তার তৃতীয় লীগ শিরোপা।
পিএসজির জেতা ১৪ লিগ শিরোপার মধ্যে সর্বশেষ ১৪ বছরে এসেছে ১২টি শিরোপা। কাতারি ধনকুবের নাসের আল খেলাইফির মালিকানায় আসার পর এ সাফল্য পেয়েছে পার্ক দে প্রিন্সেসের ক্লাবটি। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবার লীগ শিরোপা জিতেছে লিঁও। টানা পাঁচবার লীগ শিরোপা জিতে পিএসজি এ তালিকায় দ্বিতীয় সেরা। আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িযে পিএসজি। ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগজয়ী ক্লাবটির সামনে থাকছে ‘ট্রেবল’ জয়ের সুযোগ। ৩০শে মে বুদাপেস্টে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে এনরিকের দল। এই মৌসুমে ফ্রেঞ্চ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপও জিতেছে পিএসজি।
ব্রেস্তকে ১-০ গোলে হারিয়ে আগেই শিরোপা জয়ের পথটা সমজ করে রাখে পিএসজি। শিরোপার দৌড়ে থাকা লেঁসের বিপক্ষে পয়েন্ট পেলেই ফরাসি জায়ান্টদের শিরোপা নিশ্চিত হতো। লেঁসের মাঠে এমন সহজ সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে ২৯ মিনিটে গোল করেন পিএসজিকে এগিয়ে নেন উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া। ৯৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ের। জয়ের পর বিইন স্পোর্টসকে পিএসজি তারকা উসমান দেম্বেলে বলেন, ‘আমরা জিততে এসেছিলাম। তবে আমাদের মূল লক্ষ্য ৩০ মের ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করা। আগামী রোববার (প্যারিস এফসির বিপক্ষে) আমাদের আরও একটি ম্যাচ আছে। আমরা এই শিরোপা উদ্যাপন করবো; কারণ, এখন আমরা আনুষ্ঠানিকভাবেই চ্যাম্পিয়ন।’
ইন্টারের ‘ডাবল’ শিরোপা
রোমে বুধবার রাতে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপ জিতে নেয় ইন্টার মিলান। ১৪ মিনিটে লাৎসিও রাইটব্যাক অ্যাডাম মারুসিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার। ৩৫ মিনিটে ইন্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। এর আগে ২১তম লীগ শিরোপা নিশ্চিত করে ইন্টার। ২০১০ সালের পর এই প্রথম এক মৌসুমে ইতালিয়ান কাপ ও লীগ শিরোপা জিতরো তারা। জোসে মরিনিওর অধীনে ২০১০ সালে চ্যাম্পিয়নস লীগ, সিরি ‘আ’ ও ইতালিয়ান কাপ জিতেছিল ইন্টার মিলান। জয়ের পর ইন্টারের কোচ ক্রিস্টিয়ান চিভু বলেন, ‘চমৎকার একটি মৌসুমে এই ট্রফিগুলো আমাদের প্রাপ্য ছিল। লীগ ও কাপ-একই সঙ্গে দুটি জেতা সহজ কথা নয়। আমরা দারুণ খুশি।’
