আলাভেসের কাছে হেরে ‘রেকর্ড ১০০’ হলো না বার্সেলোনার

আলাভেসের কাছে হেরে ‘রেকর্ড ১০০’ হলো না বার্সেলোনার

ফন্ট সাইজ:

লা লিগার শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচেই হার দেখলো বার্সেলোনা। ইব্রাহিম দিয়াবাতের একমাত্র গোলে ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের ১-০ গোলে হারায় আলাভেস। এ জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে কিকে সানচেস ফ্লোরেসের দল। আর আলাভেসের কাছে হারে ১০০ পয়েন্ট স্পর্শ করার স্বপ্ন পূরণ হলো না বার্সেলোনার। রেকর্ড ছুঁতে হলে বাকি তিন ম্যাচই জিততে হতো হ্যান্সি ফ্লিকের দলকে। কিন্তু প্রথম বাধাতেই থামলো কাতালানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া গোলেই জয় তুলে নেয় আলাভেস। ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘সহজ ম্যাচ ছিল না। তারা খুব কঠিনভাবে লড়েছে। তবে এটা স্বাভাবিক, কারণ তারা লা লিগায় টিকে থাকার জন্য খেলছে।’

তিনি বলেন, ‘প্রথমার্ধের শেষ মুহূর্তে আমরা গোল হজম করেছি। তবে আমি ইতিবাচক দিকগুলোই দেখবো। আজ যারা তরুণ খেলোয়াড় খেলেছে, তাদের পারফরম্যান্স এবং অন্যদের বিশ্রাম দিতে পারাটাও গুরুত্বপূর্ণ ছিল।’ এল ক্লাসিকোর লড়াই জিতে টানা দ্বিতীয় লীগ শিরোপা নিশ্চিত করার পর এই ম্যাচে একাধিক পরিবর্তন আনেন ফ্লিক। ২১ বছর বয়সী সেন্টারব্যাক আলভারো কোর্তেসকে অভিষেক করান তিনি। বল দখলে এগিয়ে থাকলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। উইংয়ে মার্কাস র‌্যাশফোর্ড কিছুটা গতি ও প্রাণ ফেরানোর চেষ্টা করেন, কিন্তু আলাভেসের রক্ষণ ছিল দৃঢ়। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে বিপদ তৈরি হয় বার্সার বক্সে। আন্তোনিও ব্লাঙ্কোর হেড ফের গোলমুখে এলে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেননি বার্সার ডিফেন্ডাররা। সুযোগ পেয়ে বয়েচেখ শেজনির জাল ভেদ করেন দিয়াবাতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের সুযোগ পেয়েছিলেন দিয়াবাতে, তবে এবার তার শট ঠেকিয়ে দেন শেজনি। বার্সা ম্যাচে ফেরার মতো বড় সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। উল্টো আলাভেসই ব্যবধান বাড়ানোর কাছাকাছি চলে গিয়েছিল। জন গুরিদির শট শেজনিকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন