অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর স্থগিত করা হয়েছে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর সনদ। আজ মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে এ সিদ্ধান্তে ছবিটির মুক্তি কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা গেছে, জেবা জান্নাতের অভিযোগের পরই বিষয়টি নতুন করে পর্যালোচনায় নেয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ছবিটি প্রাথমিকভাবে সেন্সর ছাড়পত্র পেলেও তখন কোনো আপত্তি বা অভিযোগ ছিল না। পরে প্রজেক্টে যুক্ত জেবা জান্নাত লিখিতভাবে অভিযোগ করেন, কাজ শুরুর সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্ম।
কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেয়া হয়, যা তার সঙ্গে করা চুক্তির পরিপন্থি বলে তিনি দাবি করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সেন্সর সনদ বাতিল করা হয়েছে। জেবা জান্নাতের অভিযোগ, তাকে নাটকের কথা বলে যুক্ত করা হলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেয়া হয়। বিষয়টি জানার পর তিনি আপত্তি জানান এবং লিখিত অভিযোগ করেন। এদিকে, এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর।
তিনি জানান, সিনেমাটি ইতিমধ্যে দেশের ৫০টিরও বেশি হলে বুকিং দেয়া হয়েছে এবং হল মালিকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ ছিল। এমন অবস্থায় মুক্তির অনুমতি বাতিলের সিদ্ধান্তকে তিনি অন্যায্য বলে মন্তব্য করেন। হাসান জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কাগজ পাইনি। কাগজ হাতে পেলেই হাইকোর্টে রিট করবো। এর আগে একই প্রকল্প নিয়ে আপত্তি তুলেছিলেন প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সম্প্রতি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।
