দীর্ঘদিন পর আলোচনায় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে নতুন কোনো সিনেমা নয়, এবার তাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে তার বদলে যাওয়া চেহারা ও নতুন লুক নিয়ে। সম্প্রতি একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে এই অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
অনেক নেটিজেনের দাবি, আনুশকার মুখে আগের সেই পরিচিত লুক নেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তিনি কি কসমেটিক সার্জারি করিয়েছেন? একজন মন্তব্য করেন, মুখটা স্বাভাবিক লাগছে না। আরেকজন লেখেন, চেনাই যাচ্ছে না তাকে। তবে সমালোচনার বিপরীতে অনেক ভক্তই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, একজন নারী ও দুই সন্তানের মায়ের শারীরিক পরিবর্তনকে সম্মান করা উচিত। একজন নারী ভক্ত লিখেছেন, সন্তান জন্মের পর আগের মতো ফিট হওয়া খুব কঠিন।
শরীর ও মানসিক অবস্থার অনেক পরিবর্তন আসে। তাই নারীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া দরকার। সবশেষ ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল আনুশকাকে। এরপর তিনি কাজ করেন চাকদা এক্সপ্রেস সিনেমায়। যদিও সিনেমাটির মুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া আনুশকা পরে একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।
