স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর একের পর এক মন্ত্রীর পদত্যাগ ও অন্তত ১০০ সাংসদ সদস্যের আল্টিমেটামের পর ব্যাপক চাপে বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সর্বশেষ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এটি স্টারমারের জন্য বিশাল ধাক্কা বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের পর এখন পর্যন্ত স্টারমারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ডাউনিং স্ট্রিট স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্টারমার তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
দেশটির প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানান, স্টারমারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত সোমবার তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা এখনও বহাল রয়েছে।
এর আগে সোমবার নিয়মিত ক্যাবিনেট বৈঠকে লেবার পার্টির সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের জন্য ‘ব্যক্তিগত দায়’ স্বীকার করে নেন স্টারমার। একইসাথে তিনি সাফ জানান, নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, তা এখনও শুরু হয়নি।
