ঈদে আসছে হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা অভিনীত নাটক ‘মায়াপাখি’। নাটকটি নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। মুক্তির আগেই নাটকটির আগমনী বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রধান কারণ ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ টিমের তৃতীয় নাটক এটি। দর্শকের কাছে আগের নাটক দু’টি ব্যাপক জনপ্রিয়। তাই এবারের নাটক নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
নাটকটি রচনা এবং পরিচালনায় আছেন জাকারিয়া সৌখিন। আর নিহা অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে। আগের দু’টি নাটকের মতো এবারের নাটকটিও সম্পর্ক নিয়ে। কিন্তু ধরন একেবারে আলাদা। নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে।
শিহরিত হবে। আর গল্পের শেষে এসে কোনো দর্শকই ঠিক থাকতে পারবে না। তার মন লুটপাট হয়ে যাবে। নির্মাতার এই কথা কতোটুকু সত্যি হয়, তা জানা যাবে ‘মায়াপাখি’ মুক্তির পরই। গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল।
মায়ার এই সহজ-সরল-সাধারণ গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে। এদিকে নাটক প্রসঙ্গে নিহা বলেন, ‘মায়াপাখি’ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। আপাতত এতটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সোনালি আমি খুবই এক্সাইটেড। ‘মায়াপাখি’ ঈদে সিএমভিতে রিলিজ হবে। এতে আরও অভিনয় করেছেন- শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু, সমাপ্তি মাশুক প্রমুখ।
